মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শ্রীনগর উপজেলার পূর্ব হাঁসাড়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজ (৬০) গত ২৫ জুলাই রাত প্রায় ২টার দিকে বাড়ির নিচতলার গ্যারেজে দুটি অটোরিকশা ও কয়েকটি ব্যাটারি রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ফজরের নামাজ আদায় করতে গিয়ে তিনি দেখেন, গ্যারেজের তালা ভেঙে দুর্বৃত্তরা দুটি অটোরিকশা ও কয়েকটি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।
ঘটনার পর শ্রীনগর থানায় মামলা দায়ের হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা মোড় এলাকা থেকে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের সদস্য মোক্তার (৪২), মো. সাইফুল (৪৬) ও মাহফুজকে (২০) গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোক্তারের গ্যারেজে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মুকুন্দী এলাকার মোক্তার (৪২), নরসিংদীর মাধবদী উপজেলার গদাইরচর এলাকার মো. সাইফুল (৪৬) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহফুজ (২০)।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে চোরচক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/র