খুলনা নগরীতে মতি নামের পঞ্চাশোর্ধ এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার শেখাপাড়া এলাকার খলিল চেম্বারের পার্শবর্তী ভবনের চতুর্থ তলা থেকে পচাগলা ওই মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। পেশায় তিনি বাসের একজন টিকিট কালেক্টর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি দীর্ঘ ১৬ বছর শেখাপাড়া খলিল চেম্বারের পার্শবর্তী বাসিন্দা আনোয়ারার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
তিনি ওই ভবনের চতুর্থ তলায় টিনশেডের একটি কক্ষে দীর্ঘদিন একা বসবাস করতেন। গড়াই পরিবহনের টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন তিনি। শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তিনি।
গত বৃহস্পতিবার সর্বশেষ তাকে দেখা গেছে এর পর তাকে আর দেখা যায়নি। রবিবার সকালে একজন কাজ করার জন্য বাড়ির ছাদে উঠলে দুগন্ধ পান। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিককে অবগত করলে তিনি পুলিশকে খবর দেন।
স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙ্গে ঘরের ভেতর থেকে মতির মরদেহ উদ্ধার করে।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো: ফরিদুর রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুমেকে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
এফপি/অ