চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নবাগত নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা ঠিকাদার সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হকের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যসহ জেলার বিভিন্ন ঠিকাদার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত নির্বাহী প্রকৌশলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম শ্রেণির ঠিকাদার মো. আব্দুল মান্নান, মো. জিয়াউর রহমান জীবন, সামিউল ইসলাম পলাশ, মো. বাদল আলীসহ সমিতির অন্যান্য সদস্যরা।
ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর নবাগত নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ বলেন, এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সকল ঠিকাদারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আগামী দিনে এলজিইডির সব কাজ সঠিক নিয়ম ও নীতিমালা অনুসরণ করে বাস্তবায়ন করা হবে। আমার প্রতিষ্ঠানে দুর্নীতির কোনো স্থান থাকবে না। কোনো ধরনের অন্যায় বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।”
এ সময় ঠিকাদাররা নবাগত নির্বাহী প্রকৌশলীর সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এফপি/র