পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের আপন দুই ভাই'র মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৩মে) দুপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পার্শ্ববর্তী খালের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪) নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের মিরাজ ফকির এর পুত্র। তারা দুইজন মায়ের সাথে নাজিরপুরে নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়রা ও পারিবারিক সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মিরাজ ফকিরের দুই ছেলে আব্দুর রহমান ও আবু বক্কর গত কয়েক দিন পূর্বে মায়ের সাথে নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানা বাড়ীতে বেড়াতে আসে। দুপুরে নানা বাড়ীর পাশের খালে একত্রে দুই ভাই গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। তাদের দুই ভাইকে পরিবারের লোকজন বাড়ীতে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।
পরবর্তীতে খালের ঘাটলার পাশে পানিতে দুই ভাইকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা.মোস্তফা কায়সার বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। দুজনই পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ রাসেল সিকদার বলেন, তারা দুই ভাই খালে গোসল করতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে একজন অসাবধানতাবশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এফপি/জেএস