কক্সবাজারের কুতুবদিয়ায় দক্ষিণ ধুরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথায় একটি অটো রিকশা (টমটম) গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে গ্যারেজসহ অন্তত ২২টি টমটম, একটি জেনারেটর ও একটি আইসক্রিম ভ্যান পুড়ে ছাই হয়ে গেছে। ভোর রাতে আকস্মিক এ অগ্নিকাণ্ডে মুহূর্তেই অনেক শ্রমজীবী মানুষের জীবিকা ধ্বংস হয়ে যায়।
গ্যারেজ মালিক নেজাম উদ্দিন প্রকাশ ধলু জানান, ভোরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি টমটমে আগুন লাগে। পরে তা দ্রুত পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানোর পর দ্রুত তারা ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চালকদের মধ্যে হতাশা বিরাজ করছে। চালক হাসান শরীফ জানান, তিনি তার টমটমের বক্সে ২৮ হাজার টাকা ও জমির দলিল রেখে দিয়েছিলেন। টাকা ও গুরুত্বপূর্ণ দলিল পুড়ে গেছে। অপর দুই চালক কামাল ও মো. ছলিম বলেন, সুদের ওপর টাকা নিয়ে গাড়ি কিনেছিলেন তারা। আগুনে সব পুড়ে যাওয়ায় এখন তারা নিঃস্ব হয়ে পড়েছেন।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এফপি/জেএস