কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রায় এক বছর বন্ধ থাকার পর মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য আবার শুরু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কাঠবোঝাই একটি বোট বন্দরে এসে পৌঁছায়।
টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে রাখাইন থেকে একটি কাঠবোঝাই বোট বন্দরে আসে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হলো।
বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ধীরে ধীরে আরও কাঠসহ বিভিন্ন পণ্যবাহী নৌযান বন্দরে আসবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও সচল হওয়ার আশা করা হচ্ছে।
জসিম উদ্দিন বলেন, মিয়ানমারের সঙ্গে টেকনাফ স্থলবন্দর দিয়ে পূর্ণমাত্রায় বাণিজ্য কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং সীমান্ত এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তাদের বাধার কারণে প্রায় এক বছর ধরে টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল। সাম্প্রতিক পরিস্থিতির পরিবর্তনে আবারও সীমান্ত বাণিজ্য চালু হলো।
এফপি/জেএস