মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল দিন। দেশের শিল্প কারখানা, কৃষি, নির্মাণ শিল্পসহ প্রতিটি খাতে শ্রমিকদের নিরলস পরিশ্রম আমাদের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। শ্রমিকরাই হলো এদেশের উন্নয়নের মূল কারিগর। শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের মজুরি বুঝিয়ে দিন বলে মন্তব্য করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
শুক্রবার (১ মে) দুপুরে মে দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা সদরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী শাখার উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, এদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। মালিক-শ্রমিক সুসম্পর্ক ও শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে একটি উন্নত শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
সমাবেশে বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জুবায়ের আহমদের সভাপতিত্বে, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভেকে ফরিদুল আলম ও দপ্তর সম্পাদক মুহাম্মদ হোছাইনের যৌথ সঞ্চালনায়, উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ঈসমাইল, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সেক্রেটারি মোকতার হোসাইন সিকদার, অর্থ সম্পাদক আ.ন. ম মহিউদ্দিন, উপজেলার শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মহিউদ্দীন, অধ্যাপক শহিদুলাহ, উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সম্পাদক সভাপতি কাজী এমরানুল হক, অর্থ- সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ।
এদিন মে দিবস উপলক্ষে দুপুর ১২টায় উপজেলার মিয়ার বাজার থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা ও পৌর শাখার ব্যানারে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের প্রধান সড়ক পদক্ষিণ করে পরে উপজেলা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এফপি/জেএস