কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ২০ লাখ টাকা। এসময় কাউকে আটক করতে পারেনি।
বিজিবি সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপি'র একটি টহল দল সীমান্তবর্তী বাহারপাড়া গুইজা খাল এলাকায় অবস্থান নেয়। এলাকাটি পালংখালী সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার পূর্বে অবস্থিত। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মিয়ানমার দিক থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/জেএস