গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে সোহেল হোসেন দর্জি (৫৫) ও তার ছোট ছেলে সাকিব হোসেন দর্জির (১৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) ভোরে টঙ্গীর দত্তপাড়া বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে সোহান দর্জিকে (৩০) আটক করেছে পুলিশ।
নিহত সোহেল হোসেন দর্জি ও তার ছোট ছেলে সাকিব হোসেন দর্জি পরিবারের সাথে দত্তপাড়া বনমালা প্রাইমারী স্কুল রোডে বসবাস করতেন।
নিহত সোহেল দর্জির ভায়রা হারুন অর রশিদ জানান, সোহেল দীর্ঘদিন যাবত দত্তপাড়া বনমালা এলাকায় টিনশেড বাড়ি করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। সোহেলের বড় ছেলে সোহান ফজর নামাজের আগে তার খালাকে ফোন করে বলে তার বাবা এবং ভাইকে কে যেন মেরে ফেলেছে। এই খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে সাকিবের লাশ রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে এবং সোহেলের লাশ পার্শ্ববর্তী বনমালা রেললাইনে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
এফপি/জেএস