পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। চলতি মাসজুড়ে পরিচালিত একাধিক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র কারখানা, কারবারি ও সন্ত্রাসী নেটওয়ার্ক চিহ্নিত করা হয়েছে। এ চক্রের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুতই আরও বড় নেটওয়ার্ক উন্মোচিত হতে পারে।
চলতি মাসে অন্তত তিনটি বড় অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। গ্রেফতারদের মধ্যে জাহাঙ্গীর ও আফজাল হোসেনের নাম সামনে এসেছে।
জাহাঙ্গীরের কাছ থেকে প্রথম দফায় একটি ৮ চেম্বারের ২২ বোর রিভলভার (২ রাউন্ড গুলিসহ), প্রায় ৩০ রাউন্ড গুলি, ৪টি খোসা এবং অস্ত্র মেরামতের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এছাড়া তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, একটি ১৫০ সিসি মোটরসাইকেল এবং ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও ৪টি শর্টগানের কার্তুজও উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে আফজাল হোসেনের বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ২টি বিদেশি ৭.৬৫ পিস্তল (একটিতে ৪ রাউন্ড গুলি), একটি দুইনলা বন্দুক এবং বিপুল পরিমাণ অস্ত্রের যন্ত্রাংশ জব্দ করা হয়। উদ্ধারকৃত যন্ত্রাংশের মধ্যে ট্রিগার, ফায়ারিং পিন, ব্যারেল, স্প্রিং ও ক্লিপ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তার দোকানটি অস্ত্র মেরামত ও তৈরির কাজে ব্যবহৃত হতো।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র নির্মাণ ও সরবরাহ চক্র ভাঙতে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ধারাবাহিক এসব অভিযানের জন্য জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ডিবি ওসি রাশেদুল ইসলাম ও এসআই বেনু রায়ের নেতৃত্বাধীন টিম স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পাবনায় অস্ত্র সন্ত্রাস অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
এফপি/জেএস