কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লক এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইউসুফ (৪০)। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের ১৮ নম্বর শেডের বাসিন্দা।
পুলিশের তথ্য মতে, চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-৪০৮/২১) আদালত ইউসুফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মো. ইয়ামিন সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে তাঁর শেডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের বিষয়টি বালুর মাঠ পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/ফ