অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ (ওয়ান র্যাঙ্ক ওয়ান পে) নীতি বাস্তবায়ন এবং তাদের পুনর্বাসনে ‘ডিফেন্স কলোনি’ প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএফবি) কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূইয়া, এনডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায্য আর্থিক সুবিধা নিশ্চিত করতে সরকারের ‘এক পদ, এক বেতন’ নীতি দ্রুত বাস্তবায়ন করা হবে। একই পদমর্যাদার অবসরপ্রাপ্ত সদস্যরা যাতে সমান সুবিধা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দেন তিনি।
জেলা পর্যায়ে অবসরপ্রাপ্ত সদস্যদের সেবা ও কল্যাণ কার্যক্রম আরও জোরদার করতে প্রতিটি জেলা সশস্ত্র বাহিনী বোর্ডকে শক্তিশালী করারও নির্দেশনা দেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি এ লক্ষ্যে প্রশাসনিক ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারের চিকিৎসাসেবা সহজলভ্য করতে দেশের ৬১টি জেলায় মেডিক্যাল স্টোরের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সম্মানজনক জীবনযাপন ও টেকসই পুনর্বাসনের লক্ষ্যে ‘ডিফেন্স কলোনি’ প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানান প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি বলেন, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুর জেলায় এ প্রকল্পের জন্য জমি নির্ধারণ করা হয়েছে এবং সেখানে দ্রুত বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাক্তন সৈনিকদের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সম্পৃক্ততা বাড়ানোরও নির্দেশ দেন তিনি। এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
পরিদর্শনকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এফপি/ফ