কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাশেদ আলী (৩৫) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং রবিউল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রাত সাড়ে ১২টার দিকে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং বড় ভাইয়ের এলোপাতাড়ি ছুরির আঘাতে ছোট ভাই রাশেদ আলী গুরুতর আহত হয়, পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম বলেন, রাতে দেড়টার দিকে রাশেদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওই ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরে ১২ থেকে ১৩টি ধারালো অস্ত্রের কোপের ক্ষত রয়েছে।
বিষয়টা নিশ্চিত করে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, ভাই ভাই গন্ডগোলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
এফপি/অ