খুলনায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৭৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সব পরিবারের পাশে আছেন এবং সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তাঁর নির্দেশনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা যেন সরকারি সহায়তা পান এবং তাদের পাশে থাকতে বিভাগীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে এবং দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের আয়োজন করে দিঘলিয়া উপজেলা প্রশাসন।
পরে জেলা প্রশাসক হুরে জান্নাত দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বেলেঘাটা পশ্চিমপাড়া এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত আরও ৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এফপি/র