হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুনাম উদ্দিন বোরো ধান কাটার উদ্দেশ্যে মমিনা হাওড়ে যান। ধান কাটার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে আশপাশে থাকা অন্য কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরো মৌসুমে ধান ঘরে তোলার ব্যস্ত সময়ে এমন আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর ভিড় লক্ষ্য করা গেছে। পরিবারের সদস্যরা জানান, ফসল ঘরে তোলার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। গ্রামের সবাই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এফপি/জেএস