নীলফামারীর কিশোরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, অধ্যক্ষ মুকুল হোসেন, অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, উপজেলা শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম।
মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা, শৃংখলাবোধসহ সুষ্ঠভাবে দায়িত্বসহকারে শিক্ষা প্রদান করলে শিক্ষার মানোন্নয়ন হতে বাধ্য। শিক্ষার মানোন্নয়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানেরও মানোন্নয়ন হবে। ফলে উপজেলার উন্নয়ন হবে, উপজেলার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে।
তিনি আরও বলেন, আগামী ৫ বছরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার মান্নোনয়নসহ নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। তবে মনে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে কোন দলবাজি করা যাবে না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দলবাজি প্রশয়ও দিব না।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নে যে সকল দপ্তর কাজ করে তাদের কাছে সহযোগিতার আবেদন করবেন। কোন দপ্তর সহযোগিতা না করলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওই দপ্তরের বিষয়ে জানাবেন। তাদেরকে জবাবদিহিতা করতে হবে। আমরা সকলের সহযোগিতায় কিশোরগঞ্জকে শিক্ষার মডেলে পরিণত করতে চাই।
এফপি/জেএস