রাজশাহীর তানোর উপজেলায় সার সংকট, অতিরিক্ত মূল্য আদায় এবং অবৈধ মজুদ রোধে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে তানোরের বিসিআইসি ও বিএডিসির সার ডিলাররা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক (পিপি) ড. মো. আব্দুল মজিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, গোদাগাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নুমাউল আলী, বিসিআইসি সার ডিলার অ্যাসোসিয়েশনের তানোর শাখার আহ্বায়ক প্রণব সাহা এবং বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশনের তানোর শাখার আহ্বায়ক আব্দুল মতিন।
এছাড়া উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর কাদির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, কোনো ডিলার যাতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে মজুদদারি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। প্রান্তিক কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সময়মতো সার পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাঠপর্যায়ে তদারকি আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিসিআইসি সার ডিলার ২২ জন, বিএডিসি সার ডিলার ৯ জন, প্রান্তিক কৃষক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে সংশ্লিষ্টরা জানান, সারের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি কমিটি গঠন এবং নিয়মিত সভা করার পরামর্শও দেওয়া হয়।
এফপি/জেএস