গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ট্যাংকি থেকে কালোবাজারে অকটেন বিক্রি করার অভিযোগে মো. আব্দুল মতিন নামের এক মাদ্রাসা শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাঠগড়া হাট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পাল।
আব্দুল মতিন মিয়া পাশ্বর্বতী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের সদস্য মোস্তফাসহ তিনজন। এসময় মোটরসাইকেল ঠেলে কাঠগড়া এলাকায় পৌঁছে তেলের সন্ধান করেন তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সেখানে এক শিক্ষক তেল বিক্রি করেন। প্রতি লিটার ৩০০ টাকা দামে ৫ লিটার অকটেন ক্রয় করেন তারা। পরে তেলসহ ওই শিক্ষককে আটক করে ডিজিএফআই সদস্যরা।
আগে থেকেই প্রস্তুত থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রোমেন পাল ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি। এসময় বিক্রির উদ্দেশ্যে বোতল ভর্তি ৮ লিটার অকটেন জব্দ করা হয়। পরে তাঁকে ভবিষতে এমন কর্মকান্ড না করা জন্য সতর্ক করে স্থানীয়দের কাছে হস্তান্তর করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পাল বলেন, ‘ডিজিএফআই সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একজন শিক্ষক দীর্ঘদিন ধরে কালোবাজারে অকটেন বিক্রি করছেন। তারা ক্রেতা সেজে সেখানে অকটেনসহ একজনকে আটক করে। পরে ঘটনাস্থলে গিয়ে অকটেন জব্দ করা হয়। সেই সাথে সতর্কমূলক পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
এফপি/জেএস