নওগাঁর রাণীনগর উপজেলায় কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-১ মৌসুমে পাট, উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণ প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ জানায়, কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ২ হাজার ১০০ জন চাষিকে উফশী আউশ সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন। এ ছাড়া গ্রীষ্মকালীন মুগ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, তিল চাষে ৩০ জন কৃষকের প্রতিজন কৃষক ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, পাট চাষে ৫০ জন কৃষকের প্রতিজন কৃষক ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কজি এমওপি সার পাচ্ছেন। এছাড়া ৬ জন কৃষক ১ টি করে এয়ার ফ্লো মেশিন সহায়তা হিসেবে পাবেন।
এফপি/জেএস