কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় একটি প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়ির চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়িটির তেলের ট্যাংকের ভেতরে কসটেপ দিয়ে মোড়ানো ২১টি পোটলা পাওয়া যায়। সেগুলোতে থাকা ইয়াবার সংখ্যা প্রায় ৪২ হাজার।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের উত্তর পাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া এলাকার বাসিন্দা মোসা. বিউটি (২৭) ও মোসা. মাহিম (১৯)।বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানা-এ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
এফপি/জেএস