Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

অবৈধ জ্বালানি তেল মজুদ প্রতিরোধে বিজিবির অভিযান

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম  (ভিজিটর : ৬২)

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পাচার ও কালোবাজারি প্রতিরোধে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ এপ্রিল) সকালে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাপরিচালক, বিজিবি-এর নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে নাইক্ষ্যংছড়ি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দোকান, গুদামঘর ও সন্দেহভাজন স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার দেশের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ জ্বালানি তেল মজুদ, পাচার বা কালোবাজারি কার্যক্রম বরদাশত করা হবে না। বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে অবৈধ মজুদ ও কালোবাজারি অনেকাংশে কমে আসবে।

বিজিবি সকলকে অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝