সুরের মূর্ছনা আর আবিরের রঙে মুখরিত হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয়েছে ঐতিহ্যবাহী রঙ উৎসব ‘রঙবাহার’।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংগীত বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগে এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়।
বিভাগীয় সংস্কৃতির অংশ হিসেবে প্রতি বছরই নবীন শিক্ষার্থীরা এই উৎসবের আয়োজন করে থাকেন। এবারের আয়োজনে ছিল সৃজনশীলতার ছোঁয়া। কোনো যান্ত্রিক কার্ড নয়, বরং নিজেদের হাতে লেখা রংবেরঙের আমন্ত্রণপত্রের মাধ্যমে বিভাগের সিনিয়র ব্যাচগুলোকে উৎসবে আসার নিমন্ত্রণ জানান ১৯তম আবর্তনের শিক্ষার্থীরা। এতে প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত সকল শিক্ষার্থীর অংশগ্রহণে সিনিয়র-জুনিয়র সম্পর্কের এক অনন্য মেলবন্ধন তৈরি হয়।
উৎসবের গুরুত্ব তুলে ধরে সংগীত বিভাগের শিক্ষার্থী রিয়া সরকার বলেন, “প্রতিবছর নতুন ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ যারা সবচেয়ে জুনিয়র, তারা নিজেদের অর্থায়নে এই উৎসবের আয়োজন করে। এর প্রধান উদ্দেশ্য হলো সিনিয়র ব্যাচগুলোর সাথে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব গড়ে তোলা। সংগীত বিভাগের যাত্রালগ্ন থেকেই এই নিজস্ব সংস্কৃতি চলে আসছে।”
অনুষ্ঠান চলাকালীন শিক্ষার্থীরা একে অপরকে রঙে রাঙিয়ে দেন এবং মিষ্টিমুখ করেন। সংগীত বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব বাদ্যযন্ত্রের ঝংকার, গান আর নাচের তালে পুরো ক্যাম্পাস এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। আনন্দ-উচ্ছ্বাস আর পারস্পরিক সম্প্রীতি বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই বর্ণাঢ্য আয়োজনের।
এফপি/জেএস