রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার মীরবাগ কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দ্রুতগতির মাটিবাহী ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দিকে কুর্শা ইউনিয়নের মীরবাগ কলেজ গেট সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন- একই এলাকার মৃত তছর উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৬০) ও জাহেদুল ইসলাম (৫০), মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল রশিদ (৫৫), জিল্লুর রহমানের স্ত্রী সোনালী বেগম (৫০)। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, অটোরিকশা যোগে কাউনিয়া থেকে মামলার হাজিরা দিতে রংপুর কোর্টে যাওয়ার পথে মীরবাগ কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মাটি ভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারী প্রাণ হারান।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করেছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এফপি/জেএস