ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, কোনো দেশকে যদি ধ্বংস করতে হয়, তবে সে দেশের শিক্ষা ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দিতে হয়—আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সেটাই করেছিল।
শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের শাসনামলে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সাদা খাতা জমা দিয়ে আসলেও জিপিএ-৫ পেয়ে যেত, আর সামান্য কিছু লিখলেই গোল্ডেন জিপিএ-৫ পেত। তবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা নিয়ে এ ধরনের তামাশা ও খামখেয়ালিপনা বন্ধ করেছে। এখন থেকে না পড়ে আর কেউ পাস করতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিএনপি সরকার বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক শান্তি প্রসঙ্গে হুইপ দুলু বলেন, বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায় এবং দল হিসেবে আমরা কোনো ধরনের সন্ত্রাস বা অরাজকতায় বিশ্বাস করি না। কিন্তু একটি মহল প্রতিবেশী দেশে বসে নানা উসিলায় আমাদের প্রিয় মাতৃভূমিকে অশান্ত করে স্বার্থ হাসিল করতে চাইছে। সেই ষড়যন্ত্রকারী মহলের বিষয়ে দেশের আপামর জনগণকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব ধর্ম ও মতের মানুষ যুগের পর যুগ ধরে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করে আসছে। সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব সানন্দে উদযাপন করে, এখানে কোনো হিংসা-বিদ্বেষের স্থান নেই। দেশের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য নির্বিঘ্নে পালন করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এফপি/অ