শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম একই এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বসতঘরে অটোরিকশা ঝালাইয়ের কাজ করছিলেন সাইদুল ইসলাম। কাজের একপর্যায়ে বৈদ্যুতিক বোর্ড থেকে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তার তার শরীরে জড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
শর্ট সার্কিটের শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/জেএস