মৌলভীবাজারের আকবরপুরে অবস্থিত আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ‘কফি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।
‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি অংগ)’ এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে মোট ৩০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বারির সিলেট অঞ্চলের ১৬ জন বৈজ্ঞানিক সহকারী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার ১৪ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, মৌলভীবাজারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন।
প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সারোয়ার জাহান শাওন। এছাড়াও প্রকল্প পরিচালকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবরার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী মোট ৬টি কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কফি চাষ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ড. মাহমুদুল ইসলাম নজরুল বাংলাদেশে কফি চাষের সম্ভাবনা তুলে ধরেন। মো. জালাল উদ্দিন কফি চাষের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। ড. মোহাম্মদ মহিউদ্দিন কফির অর্থনৈতিক গুরুত্ব ও মূল্য সংযোজন নিয়ে বক্তব্য দেন।
এছাড়া বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল মাজেদ মিয়া কফি চাষের কৃষিতাত্ত্বিক কার্যাবলী ও মাঠ ব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করেন। মো. সারোয়ার জাহান শাওন কফির পোকামাকড় ও রোগবালাই এবং এর প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ দেন। সর্বশেষে মো. আবরার কফির প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কফি চাষ সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
এফপি/জেএস