বগুড়ার আদমদীঘিতে ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্বেও বিক্রি না করার অভিযোগে হামীম ফিলিং স্টেশনের (পেট্রল পাম্প) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে আদমদীঘি উপজেলার পশ্চিম ঢাকারোড এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলায় ফিলিং স্টেশনে পেট্রল মজুদ থাকা সত্বেও পেট্রল সরবরাহ না করে বন্ধ রাখা হয়েছে। ফলে তেল নিতে আসা যানবাহন মালিকরা চরম দুর্ভোগে পড়েন। এ নিয়ে হৈচৈ ও প্রশাসনকে অবহিত করেন। বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালান। অভিযানে পশ্চিম ঢাকারোড এলাকায় অবস্থিত হামীম ফিলিং স্টেশনের তেল মজুদ বহি পরিদর্শন করে দেখেন ওই পাম্পে জ্বালানি তেল মজুত রয়েছে। তথাপিও গ্রাহকের নিকট পেট্রল সরবরাহ করা হয়নি।
এসময় ভ্রাম্যমান আদালত হামীম ফিলিং স্টেশন-এর ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ মোতাবেক মালিকের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এফপি/জেএস