সুনামগঞ্জে আধুনিক বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষির বাণিজ্যিকীকরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু সহিষ্ণু ফসলের উৎপাদন বাড়িয়ে গুণগত মান নিশ্চিত করে বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করা হচ্ছে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে।
সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক (ডিইও) কৃষিবিদ নাজমুল কবীর, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলীরাজ ও ইমরান হোসেন, ওয়ার্ল্ড ভিশন এনজিওর প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, কৃষক প্রতিনিধি আমেনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা জানান, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ইতোমধ্যে ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা (GAP), আধুনিক সেচ প্রযুক্তি এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এই কংগ্রেসের মাধ্যমে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় ও নতুন উদ্ভাবনী চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
বক্তারা আধুনিক কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে বলেন, পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হাওরবেষ্টিত এ অঞ্চলে বিশেষায়িত কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে জৈব বালাইনাশক ও আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যাপক প্রচারের ওপর জোর দেওয়া হয়।
এফপি/অ