সরকার গঠনের একমাস পূর্ণ হওয়ার আগেই জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমীন পুতুল।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টায় পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার নিয়ে দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের মন্ডলপাড়া এলাকায় পরীর মাঠ সংলগ্ন পদ্মকোল খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “সরকার গঠনের একমাসও পূর্ণ হয়নি, কিন্তু এর মধ্যেই বিএনপি সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।”
তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদ-মন্দিরের ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান এবং কৃষকদের কৃষিঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। পহেলা বৈশাখ কৃষি কার্ড বিতরণ শুরু হবে।
খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কৃষি ও কৃষক আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। মৃতপ্রায় খালগুলো পুনঃখনন হলে কৃষি উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে।”
রাজনৈতিক বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, “যারা শেকড় ভুলে যায়, তাদের শেকড় উপড়ে ফেলতে ইতিহাস বারবার ফিরে আসে। তাই উন্নয়নের জন্য মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে হবে।”
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, “আগামী পাঁচ বছরের মধ্যেই দেশের মানুষ তারেক রহমানের উন্নয়নের চমক দেখতে পাবে।”
বিশেষ অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বাভাবিক জীবনযাপনের জন্য মরে যাওয়া খাল-নালা পুনঃখনন অত্যন্ত প্রয়োজন।” তিনি খাল খনন কাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর থেকে মন্ডলমোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পদ্মকোল খালটি ৬ ফুট গভীর ও গড়ে ৪০ ফুট প্রশস্ত করে পুনঃখনন করা হবে। খালটি ইছামতী নদীর সঙ্গে সংযুক্ত হওয়ায় পুনঃখনন শেষ হলে পদ্মা থেকে ইছামতীতে পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং আশপাশের কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে।
এ কর্মসূচির আওতায় পাবনা জেলায় মোট ১০৬টি খাল খননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এফপি/জেএস