গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ‘মায়ের দোয়া রিয়েল এস্টেট’ নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
শনিবার (৭ মার্চ) রাত আটটার দিকে দুর্বৃত্তরা ওই প্রতিষ্ঠানের মালিকের খোঁজ জানতে চেয়ে নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করে এবং যাওয়ার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও অফিসের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী নান্টু জানান, শনিবার রাতে দুইজন ব্যক্তি হঠাৎ অফিসের সামনে এসে তাকে ডেকে পাশের একটি অন্ধকার স্থানে নিয়ে যায়। সেখানে তারা প্রতিষ্ঠানের মালিক কামরুল ইসলাম সম্পর্কে বিভিন্ন আপত্তিকর ও সন্দেহজনক প্রশ্ন করতে থাকে।
নান্টু আরো বলেন, “তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আমি প্রতিবাদ করি। আমি বলি, একজন সম্মানিত ব্যক্তির নাম নিয়ে এভাবে কথা বলা ঠিক নয়। এতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কোমর থেকে পিস্তল বের করে পরপর তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।”
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ছুটে এসে দুর্বৃত্তদের ধাওয়া দেয়। তবে ভিড়ের সুযোগ নিয়ে তারা দ্রুত এলাকা ত্যাগ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
ঘটনার বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ঠিক কী কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।”
ওসি আরও জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে জনবহুল এলাকায় এমন গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
এফপি/জেএস