ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪৮ হাজার ৭৮১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য উপজেলায় মোট ৫৪২টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করছেন ইপিআই ও আউটরিচ কর্মীসহ মোট ৪৩৬ জন স্বাস্থ্যকর্মী।
এছাড়া টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য স্থায়ী টিকাকেন্দ্র ৩১২টি এবং ইপিআই কেন্দ্র ১টি রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে আয়োজিত এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম বলেন, ‘হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ। এসব রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে টিকাদানের বিকল্প নেই। তিনি সকল অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ে তাদের সন্তানদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।’
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে এসে তাদের সন্তানদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে এই মূহুর্তে ৪ জন হাম উপসর্গ নিয়ে ৪ জন শিশু ভর্তি আছে। গত কয়েকদিনে মোট ১১জন শিশু হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। ২ জনের অবস্থা খারাপ হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।
এফপি/জেএস