কুষ্টিয়ার মিরপুরে হাতে বিয়ের মেহেদীর রং না উঠতেই মিনজু খাতুন (২০) নামের এক নববধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সোন্দহ গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। নিহত মিনজু খাতুন উক্ত এলাকার নজর আলীর স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, গত ১০ দিন আগে ফরিদপুরের বিশু মন্ডলের মেয়ের সাথে বিয়ে হয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সোন্দহ এলাকার খলিলুর রহমানের ছেলে নজর আলীর সাথে। বিয়ের পরে নববধুকে নিয়ে নজর আলী তার শশুর বাড়ীতে ছিলো। রোববার ১৯ এপ্রিল মিনজু খাতুন, তার মা নেবুজান খাতুনসহ নজর আলীর বাড়ীতে আসে। মেয়েকে শশুরবাড়ী রেখে মিনজু খাতুনের মা নেবুজান খাতুন পাশের বাড়ীতে বেড়াতে গেলে ফিরে এসে দেখে মেয়ে গলাই ওড়নার সাথে ঘরের ডাবে ঝুলছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে কেনো আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
এফপি/জেএস