বাংলাদেশের সমুদ্রসীমায় টহল চলাকালে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, রবিবার (১৯ এপ্রিল) ‘অপারেশন ট্রেজার শিল্ড’-এর আওতায় নিয়মিত টহল দিচ্ছিল নৌবাহিনীর একটি দল। এ সময় একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে এলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বোটে থাকা ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা।
জব্দ করা বোটটির নাম ‘এফবি আব্দুর রহমান-২’। এ সময় বোটে থাকা ১১ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
এফপি/জেএস