রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে ফকির মোহাম্মদ সরকার ওয়াকফ এস্টেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবছরের ন্যায় এবারও বিশাল আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
ইফতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।
ওয়াকফ এস্টেট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাতা ফকির মোহাম্মদ সরকারের ওছিয়ত অনুযায়ী প্রতি বছর পবিত্র রমজান মাসে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এতিম ও সাধারণ রোজাদারদের সম্মানে এই আয়োজন করা হয় এবং উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
ইফতারে অংশ নেওয়া এক মুসল্লি বলেন, সরকার পরিবারের এ আয়োজন দীর্ঘদিনের ঐতিহ্য। কয়েক হাজার মানুষ একসঙ্গে বসে ইফতার ও দোয়ায় অংশ নেওয়ার পরিবেশ এক অনন্য অনুভূতি তৈরি করে।
ওয়াকফ এস্টেটের তৃতীয় প্রজন্মের মোতাওয়াল্লি মো. সানাউল্লাহ বলেন, প্রতিবছর পারিবারিকভাবে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এস্টেটের আওতায় তিনটি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। পাশাপাশি অসহায় ও দুস্থদের সহায়তায় বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনার জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকেরা জানান, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এফপি/জেএস