Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

জনগণের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত হবে: অধ্যাপক মাজেদুর রহমান এমপি

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম  (ভিজিটর : ৩২)

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেছেন, ‘সুন্দরগঞ্জবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সক্ষমতা রয়েছে, সেই অনুযায়ী জনগণ যেন পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করা হবে।’

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, হাসপাতালের প্রধানসহ নতুন ও পুরাতন চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন নেই, অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই, ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। এছাড়া আবাসন ব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন। সব মিলিয়ে এখানে বেশ কিছু সংকট রয়েছে।

তিনি আরও বলেন, গাইনী বিশেষজ্ঞ না থাকায় অনেক রোগীকে গাইবান্ধা বা রংপুরে যেতে হয়। গাইনী বিশেষজ্ঞ নিয়োগ দিলে এখানেই সিজারিয়ান অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হবে। হাসপাতালটিতে ডিজিটাল এক্স-রে চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এমপি মাজেদুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সারাদেশের বিজয়ী এলাকাগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দেন। তারই অংশ হিসেবে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এলাকাবাসী তাদের প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতভাবে পাবে এবং এ লক্ষ্যে সংশ্লিষ্টরা বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর জামায়াতের আমির একরামুল হক এবং উপজেলা শিবিরের সভাপতি মো. সোহান ইসলাম প্রমুখ।

এমপি মাজেদুর রহমান হাসপাতালের চারপাশ ও মসজিদের সামনে নিজ হাতে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমে জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এর আগে, হাসপাতালের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝