কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৪৮ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৩ কেজি হেরোইন, ২৫ বোতল মদ, ৯৮৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ৬২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১৫ হাজার ৪৮০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।
এছাড়া তল্লাশিতে ৬ হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকার নিষিদ্ধ ওষুধ এবং ২১৬ পিস সিটি গোল্ডের চেইন জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৮ লক্ষ টাকা।
৪৭ বিজিবি-এর অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, আটককৃত চোরাচালানী মালামাল কাস্টমস অফিসে জমা এবং মাদকদ্রব্যগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরণের কঠোর অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।
এফপি/জেএস