ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে চলছে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় ও সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
সকাল থেকেই ভোটকেন্দ্র গুলোতে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়নি। তবে ভোটারদের মধ্যে বেশ কিছু নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটগ্রহন নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত নির্বাচনী মাঠে রয়েছেন ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল, দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোঃ সরোয়ার হোসেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মাওলানা মোঃ ইসহাক চোকদার, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. এম হোসাইন, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মাওলানা রায়হান জামিল, এবং কাস্তে প্রতীকের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আতাউর রহমান কালু।
তিনটি উপজেলা নিয়ে গঠিত এ আসনটির ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯০ হাজার ৯ শত ৭৭ জন। এর মধ্যে পুরূষ ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৯ হাজার ৫,শ ৭৩ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লক্ষ ৪১ হাজার ৪শ ৩ জন। এর মধ্যে ভাঙ্গা উপজেলার ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার ৮ শত ১৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৯ শত ১০ জন এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৯শত ৫ জন। অপরদিকে সদরপুর উপজেলার ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ২ শত ৬৩, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৯ হাজার ৯ শত ১০ জন এবং নারী ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩ শত ২৬ জন এবং চরভদ্রাসন উপজেলার মোট ভোটার সংখ্যা ৬৫ হাজার ৭ শত ২৬ জন : যার মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৮ শত এবং নারী ভোটার সংখ্যা ৩৩ হাজার ১. শ ৭২ । এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুল,জামায়াতে ইসলামি দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মোঃ সারোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের মধ্যে।
এদিকে সকাল পৌনে আটটার দিকে জামায়াতের প্রার্থী মাওলানা মোঃ সরোয়ার হোসেন তার নিজ ভোটকেন্দ্র ভাঙ্গার পাঁচকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল আটরশি কেন্দে্র ভোট প্রদান করেন। সুষ্ঠু পরিবেশ এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান দুই প্রার্থী।
এফপি/জেএস