নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে দাড়িপাল্লা প্রতীকের ১১ দলীয় প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার পক্ষে ভোট চেয়ে গণমিছিল করেছে রূপগঞ্জ উপজেলা জামায়াত ও জোট নেতাকর্মীরা। ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় মিছিল শেষে করা হয় পথসভা।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সাওঘাট গোল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মঙ্গলখালী এলাকা হয়ে মুড়াপাড়া বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে জোটের জেলা, উপজেলা শাখার সমন্বয়ক ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা।
বক্তারা জানান, গতানুগতিক ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে তারা জনগণের সেবা করতে চান। ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাড়িপাল্লা সংবলিত লোগো ব্যবহার করে এলাকায় সুশাসন ও ইনসাফ কায়েমের প্রতিশ্রুতি দেওয়া হয়। রূপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং ভূমিদস্যুমুক্ত করতে হলে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। আনোয়ার হোসেন মোল্লা একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি রূপগঞ্জের মানুষের অধিকার আদায়ে দীর্ঘকাল রাজপথে আছেন। এবং আপনাদের ভোটে জয়ী হয়ে সংসদে গিয়ে এই রূপগঞ্জের জন্য কাজ করবেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার জামায়াতে ইসলামী আমীর মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফিজুর রহমান, জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন, উপজেলা দক্ষিণ আমীর সাইফুল ইসলাম সিরাজী, উপজেলা উত্তর সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা পশ্চিম সেক্রেটারি হানিফ ভূঁইয়া প্রমুখ।
এফপি/জেএস