Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

শ্রীমঙ্গলের লোকালয় থেকে এক বছরে ৬৭টি বন্যপ্রাণী উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম  (ভিজিটর : ৬৮)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন লোকালয় থেকে গত এক বছরে ৬৭টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন গত বছরের ১৮ জানুয়ারি থেকে চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত এসব বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ২৩টি অজগর সাপ, ৯টি লজ্জাবতী বানর, ৬টি গন্ধগোকুল, ৪টি বনবিড়াল, ৪টি শঙ্খচিল, ৩টি বেতা জরা সাপ, ২টি দারাশ সাপ এবং ২টি সবুজ কালি মনসা সাপ।

এছাড়া উদ্ধার করা প্রাণীদের তালিকায় আরও রয়েছে সবুজ বোরাল (পিট ভাইপার) সাপ, ভোঁদড়, জংলি পেঁচা, উল্টা লেজি সিংহ বানর, শিয়াল, বেজি, লক্ষ্মীপেঁচা, নীলকণ্ঠ পাখি, পদ্মগোখরা সাপ, জুনিয়া সাপ,  সোনা গুঁইসাপ, ঘরগিন্নী পাখি, ভুবনচিল ও সুন্দি কচ্ছপসহ বিভিন্ন প্রজাতির মোট ৬৭টি বন্যপ্রাণী।

স্বপন দেব সজল আরও জানান, বনাঞ্চলে নির্বিচারে গাছপালা ও ঝোপঝাড় কেটে উজাড় করার ফলে বন্যপ্রাণীরা মারাত্মক খাদ্য সংকটে পড়ছে। এ কারণে তারা নিরাপদ আবাসস্থল ছেড়ে লোকালয়ে খাবারের সন্ধানে চলে আসছে, যা মানুষের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বন্যপ্রাণীদের জীবনও পড়ছে হুমকির মুখে।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে লোকালয়ে বন্যপ্রাণীর অবস্থানের খবর পেলে তাৎক্ষণিক ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত প্রাণীদের প্রথমে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে সুস্থ ও আহত সব বন্যপ্রাণী যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, বনবিভাগের তত্ত্বাবধানে এসব বন্যপ্রাণীকে পুনরায় নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

এফপি/জেএস



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝