জেলার ডোমার উপজেলায় স্মরনকালের হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী।
সরকারীভাবে প্রাপ্ত কম্বল নিয়ে রাতের আঁধারে উপজেলার রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন তিনি।
পৌষের তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, অসহায় ও ছিন্নমুল দরিদ্র মানুষ যখন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক তখনই কম্বল নিয়ে তাদের মাঝে হাজির হন ইউএনও। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে তিনি ডোমার পৌর এলাকার রেলওয়ে স্টেশন, বিভিন্ন বাজার ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত মানুষদের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। মূলত প্রকৃত অসহায় মানুষ যারা লোকলজ্জার ভয়ে দিনের বেলা হাত পাততে পারেন না এবং যারা রাস্তাঘাটে খোলা আকাশের নিচে রাত কাটান, তাদের জন্যই আমাদের এই প্রয়াস।
এফপি/জেএস