কুষ্টিয়ায় চোরাই পথে আনা জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯৯৫ টাকা বলে জানায় বিজিবি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় কুষ্টিয়া ৪৭ বিজিবি'র সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে ১৭৫ জন আসামিসহ আনুমানিক ১১৪ কোটি ৮০ লক্ষ ২৬ হাজার ১৪১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ৪ হাজার ৪শ ৩২ বোতল বিদেশি মদ, ১২ লিটার দেশীয় মদ, ৭ হাজার ৭শ ৮৭ বোতল ফেন্সিডিল, ৫শ ৫০ দশমিক ৪ কেজি গাঁজা, ২৬ দশমিক ২৫৩ কেজি হেরোইন, ৬ দশমিক ০৫ কেজি কোকেন, ৬৭ হাজার ৪শ ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার ১শ ৩৭ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৯৭ হাজার ৬শ ৫৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ১ লাখ ৫৫ হাজার ৯শ ৯ প্যাকেট বিড়ি, ৩০ বোতল এলএসডি, ১ হাজার ৪শ ৭৬ পিস ভারতীয় ক্যাপসুল এবং ২ হাজার ২শ ৯৯ পিস ভারতীয় ইনজেকশন ধ্বংস করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯শ ৯৫ টাকা।
অনুষ্ঠানে মাদক চোরাচালান রোধে এ অভিযান আরও কঠোর করা হয়েছে বলে জানিয়ে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও উল্লেখ করেন, মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, ৪৭ বিজিবি কুষ্টিয়ার অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান।
এফপি/জেএস