কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছেন নিউজিল্যান্ডের এক পর্যটক পরিবার। বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে তাঁদের উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনি পরিবারের চার সদস্যকে নিয়ে বিশ্বভ্রমণের অংশ হিসেবে ২০২৪ সালে বাংলাদেশে আসেন। পরে একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে ভ্রমণের উদ্যোগ নেন। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের এ ধরনের যাত্রা থেকে বিরত থাকতে পরামর্শ দেয় এবং গত ১ মার্চ প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টিও উঠে আসে।
এসব নির্দেশনা উপেক্ষা করে পর্যটক পরিবারটি সোনাদিয়া চরে অবস্থান করছিল। এ অবস্থায় গত বুধবার (৮ এপ্রিল) রাতে একদল দুষ্কৃতিকারী তাঁদের ওপর হামলা চালায়।
খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পর্যটকদের উদ্ধার করে। পাশাপাশি তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। হামলার সময় দুষ্কৃতিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
কোস্ট গার্ড জানিয়েছে, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলছে।
উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদে রাখা হয়েছে। তাঁদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। উদ্ধারের পর পর্যটক জন এডওয়ার্ড পুডনি কোস্ট গার্ডের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
এফপি/জেএস