নীলফামারী ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের পাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে নদীর পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত শিশুরা হলো কেতকিবাড়ী তেলিপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৭) ও একই এলাকার তাহেরুলের ছেলে তৌফিক হোসেন(৭)।
স্থানীয়রা বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে ৩টি শিশু ছেরা মশারী নিয়ে ওই নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে দুইজন শিশু পানিতে নামলে তারা দুজনে স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় অপর শিশু সিয়াম ঘটনা বুঝতে পেরে চিৎকার করতে থাকে। শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটি এসে নদীতে নেমে শিশুদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন শিশু বাড়ির লোকজনের অজান্তে মশারী নিয়ে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনায় মারা যায়।
এফপি/রাজ