যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেট কারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধলগা বাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে ব্ল্যাক হুইস্কি ২৩ বোতল, ব্লো হুইস্কি ৩৬ বোতল এবং ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কি ৩৬ বোতল রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া এলাকার আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মো. মোক্তার হোসেন (৪৮) এবং পটুয়াখালী সদর উপজেলার গলাচিপা এলাকার মো. সেকেন্দার আলীর ছেলে মো. রাজ্জাক মৃধা (৫০)। তাঁদের মধ্যে রাজ্জাক মৃধা প্রাইভেট কারটির চালক ছিলেন।
এসআরবি-৬ জানায়, উদ্ধার করা মদ ও প্রাইভেট কার উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
এফপি/মিব