ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে উত্তর আউটার সিগন্যাল এলাকায় ট্রেনটির শান্টিংয়ের সময় এ ঘটনা ঘটে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
আটক ব্যক্তিরা হলেন রনি মিয়া (পিতা: আব্দুল করিম) ও মোরছালীন (পিতা: মো. আমির হোসেন)। তাঁরা দুজনই আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোরে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনার রাতে ট্রেনটির ওয়াশিংয়ের কাজ শেষে শান্টিং চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটম্যান স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়। পরে ওই বগি ছাড়াই ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি আসন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএনবির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এফপি/মিব