Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামি মোবারকের মৃত্যুদণ্ড

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম  (ভিজিটর : ৫৮)
দন্ডপ্রাপ্ত আসামী মো. মোবারক হোসেন।

দন্ডপ্রাপ্ত আসামী মো. মোবারক হোসেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী ও তাঁর মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়।

ঘটনার পর অভিযুক্ত মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার কথা স্বীকার করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারার পাশাপাশি দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়। ২০২৬ সালের ১৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক কার্যক্রম শুরু করেন।

গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক শেষ হয়। এরপর ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হলেও তা পিছিয়ে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝