Dhaka, Monday | 2 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 November 2026 | English
শিরোনাম:

ধামইরহাটে গম্ভীরার মাধ্যমে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টি

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিটর : ৩৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পরিবেশ সুরক্ষা, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং কঠিন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে নওগাঁর ধামইরহাটে ব্যতিক্রমী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গম্ভীরার মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের মানপুর হারাপাতা ফুটবল মাঠে এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইএসডিওর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অর্থায়ন করে সুইজারল্যান্ড সরকার। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সমন্বিত পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, নিরাপদ পানির উৎস সংরক্ষণ, গৃহস্থালির কঠিন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং প্লাস্টিক দূষণ রোধের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও পানি সম্পদের অপচয় রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধান সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা, মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা সিভিল সোসাইটির সভাপতি মো. সাব্বির আহম্মেদ হিরো, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এতে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝