Dhaka, Monday | 2 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 November 2026 | English
শিরোনাম:

কামারখাড়াকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই: নজরুল মোল্লা

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ৪৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নকে আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম মোল্লা। নির্বাচিত হলে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে কামারখাড়া ইউনিয়নের কালিবাড়ি বাজারে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় নজরুল ইসলাম মোল্লা বলেন, "আমি নির্বাচিত হলে কামারখাড়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি ইউনিয়ন গড়তে চাই, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত থাকবে এবং সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই ইউনিয়ন পরিষদ থেকে কাঙ্ক্ষিত সেবা পাবে।"

তিনি আরও বলেন, "আমার প্রধান লক্ষ্য হবে কামারখাড়া ইউনিয়নকে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করা। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। তরুণ ও যুবসমাজকে অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে খেলাধুলা, সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করব।"

ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়নের বিষয়ে তিনি বলেন, "নির্বাচিত হলে নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে জনগণকে সেবা দেব। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে পরিষদকে কখনো ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করব না। ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ন্যায়সংগতভাবে সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করার চেষ্টা করব। পরিষদের কোনো সদস্য বা কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করব না।"

নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে নজরুল ইসলাম মোল্লা বলেন, "আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি সবসময় অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকব। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে কোনো ভয়ভীতি পাব না। মানুষের অধিকার ও এলাকার স্বার্থ রক্ষায় কাজ করে যেতে চাই।"

তিনি আরও বলেন, কামারখাড়া ইউনিয়নের উন্নয়নে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।

নজরুল ইসলাম মোল্লা বলেন, "আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। নির্বাচিত হওয়ার আগে যেমন মানুষের পাশে থাকার চেষ্টা করছি, নির্বাচিত হলেও সেই ধারাবাহিকতা বজায় রাখব। কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।"

নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝