মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচারের মামলায় তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের আরও তিন মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক (টোটন)।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শাহীন আলম (৩৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের মোহাম্মদ এলাহির ছেলে তহিদুল ইসলাম (৪২) এবং একই উপজেলার মোকলেসের ছেলে আরাফাত রহমান (২০)।
আদালত সূত্রে জানা গেছে, আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি মেহেরপুরে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৭ লাখ ৯৫ হাজার শলাকা নকল আকিজ বিড়ি উদ্ধার করে।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়। মামলার নম্বর জিআর-২৫১/২৪ এবং এসটিসি-১৫/২৫।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেন আদালত। এরপর প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।
এফপি/মিব