সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে জাল ও মাছসহ দুই জেলেকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁদের বন বিভাগের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় বন বিভাগ তাঁদের বিরুদ্ধে মামলা করেছে এবং মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে কীটনাশক পরীক্ষার আধুনিক যন্ত্র ও পরীক্ষাগার না থাকায় জব্দ করা মাছের মধ্যে বিষের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি।সুন্দরবনসংলগ্ন মোংলার চিলা নদীতে এ ঘটনা ঘটে। আটক দুই জেলে হলেন খুলনার দাকোপ উপজেলার খেজুরিয়া এলাকার বাসিন্দা বাসুদেব মণ্ডল (৫৫) ও স্বপন মণ্ডল (৫০)। রোববার রাতে পূর্ব সুন্দরবনের করমজল স্টেশন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মোংলার চিলা নদীতে একটি নৌকায় সুন্দরবন থেকে ধরে আনা মাছের সঙ্গে বরফ দিচ্ছিলেন ওই দুই জেলে। তাঁদের গতিবিধি ও মাছের অবস্থা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁরা নৌকায় তল্লাশি চালিয়ে মাছ ও নিষিদ্ধ জাল দেখতে পান। পরে দুই জেলেকে আটক করেন তাঁরা।
খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও করমজল স্টেশন থেকে বন বিভাগের দুটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বনকর্মীরা নৌকাটি তল্লাশি করে বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই মণ মাছ এবং একটি নিষিদ্ধ খালপাটা জাল জব্দ করেন।
পূর্ব সুন্দরবনের করমজল স্টেশন কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নৌকা, মাছ ও নিষিদ্ধ জাল জব্দ করেন। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার ও বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগে ওই দুই জেলের বিরুদ্ধে সিওআর মামলা করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাঁদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা নিষিদ্ধ খালপাটা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এদিকে চাঁদপাই স্টেশন কর্মকর্তা জানান, বন বিভাগের কাছে কীটনাশক বা বিষ পরীক্ষার আধুনিক যন্ত্র কিংবা পরীক্ষাগার না থাকায় জব্দ করা মাছের মধ্যে কীটনাশক ব্যবহার করা হয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নৌকায় নিষিদ্ধ খালপাটা জাল পাওয়া গেছে।
পরিবেশবিদদের মতে, সুন্দরবনের মতো সংবেদনশীল বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করা হলে শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষাক্ত পানি ভাটার স্রোতে ছড়িয়ে পড়লে জলজ জীববৈচিত্র্য ও প্রাণীদের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের অপরাধ দমন এবং আদালতে অপরাধের প্রমাণ নিশ্চিত করতে দ্রুত আধুনিক পরীক্ষাব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবেশসচেতন মহল।
এফপি/মিব